বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলেন
ঢাকার মিরপুরে একটি টিকা কেন্দ্র গুড়িয়ে দিয়ে দখলবাজির আলোচিত ঘটনায় অভিযুক্ত বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন । তিনি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে যান তিনি।
গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন। এর আগে গতকাল বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়।
এ ক্ষেত্রে কোনো কারণ উল্লেখ করেনি বিএনপি। তবে রাড্ডা এমসিএইচ- এফপি সেন্টার গুড়িয়ে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলের একাধিক সূত্র জানিয়েছে।
