সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃ*ত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপো এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেনের ছাদে ওই কিশোরকে হাঁটতে দেখা যায়। কিছুক্ষণ পর সে নিচে পড়ে গিয়ে একটি পাকা খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে মাথায় গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কিশোরটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
