মসজিদ কমিটি নিয়ে সং*ঘর্ষ, মাদারীপুরে ৫ বাড়িতে আ*গুন
মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশের মাদারীপুর। বুধবার সকালে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দী এলাকায় অন্তত পাঁচটি বাড়িতে আগুন লাগানো এবং প্রায় ৩০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন মাস আগে বাহেরান্দী জামে মসজিদের কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে মোশারফ ফকিরকে সভাপতি করা হলে আপত্তি জানান স্থানীয় বাসিন্দা বাচ্চু মোড়ল। নিজেকে সভাপতি দাবি করে তিনি বিরোধে জড়ান। এই ঘটনাকে কেন্দ্র করে বাচ্চু মোড়ল এবং প্রাক্তন ইউপি সদস্য এমদাদ মাতুব্বরের সমর্থকদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়।
অভিযোগ, সেই বিবাদের জেরেই বুধবার সকালে শতাধিক লোক নিয়ে এমদাদ মাতুব্বরের সমর্থকদের বাড়িঘরে হামলা চালান বাচ্চু মোড়লের অনুগামীরা। প্রায় দু’ঘণ্টা ধরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চলে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সদর থানা-পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আক্রান্ত পরিবারের সদস্য তামিম মাতুব্বর পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, পুলিশ তাঁদের বাড়ি থেকে বের করে দেওয়ার পরই প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এমদাদ মাতুব্বরও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন।
যদিও হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন বাচ্চু মোড়ল। তাঁর পাল্টা দাবি, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এমদাদ মাতুব্বরের লোকজনের সঙ্গে বিবাদ চলছে। তাঁকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, দুই পক্ষের মধ্যে আগেও সংঘর্ষ হয়েছে। গত সোমবারও ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।
