হাতীবান্ধায় সারের দাবিতে মহাসড়ক অবরোধ
লালমনিরহাটের হাতীবান্ধায় সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকেরা। সার কালোবাজারে বিক্রি ও বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ তুলে মঙ্গলবার সকালে পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া বাজার এলাকায় এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী জাতীয় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কৃষকদের অভিযোগ, চাষাবাদের গুরুত্বপূর্ণ সময়ে বারবার চেষ্টা করেও তাঁরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না। অথচ সংশ্লিষ্ট পরিবেশক কালোবাজারে সার বিক্রি করছেন এবং স্বজনপ্রীতির মাধ্যমে সার বিতরণ করছেন। এতে সাধারণ কৃষকেরা বিপাকে পড়েছেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দ্বীপ জন মিত্র ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সার সরবরাহের আশ্বাস দেন। তিনি জানান, সারের কোনো সংকট নেই। প্রকৃত কৃষকদের সার দেওয়া হবে। কোনো পরিবেশকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ইউএনওর আশ্বাসে কৃষকেরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
