সৌদি আরবের বিধিনিষেধে ১৫৩টি ফ্লাইট বাতিল-স্থগিত, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী
সৌদি আরবের বিমানবন্দরগুলিতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের জেরে বাংলাদেশ থেকে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৫৩টি ফ্লাইটের পরিষেবা ব্যাহত হয়েছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ৬৩৬ জন যাত্রী।
বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাহত হওয়া ফ্লাইটগুলির মধ্যে ৭৬টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়ার ২০টি এবং রিয়াদ এয়ারের ১৩টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাই ও এয়ার ইন্ডিয়ার ৮টি করে, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট ব্যাহত হয়েছে।
এদিকে, নিরাপত্তার কারণে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইটের স্থগিতাদেশ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর সৌদি আরবে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত থাকা ফ্লাইটগুলির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
