November 4, 2026

Khabar BD

Bangladesh Updates

বাংলা ভাষায় নিজস্ব এআই মডেল তৈরির উদ্যোগ সরকারের

বাংলা ভাষায় নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি এবং দেশের গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় এআই অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় ডেটা সেন্টারকে কেন্দ্র করে শক্তিশালী কম্পিউটার ও সার্ভার স্থাপন করা হবে। পাশাপাশি দেশের আট বিভাগে আটটি আঞ্চলিক এআই কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, এ উদ্যোগ বাস্তবায়নে বিশ্বের চারটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। তাদের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা ও প্রয়োজনীয় যন্ত্রাংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়, গবেষক ও দেশীয় প্রযুক্তি উদ্যোক্তারাও এসব অবকাঠামো ব্যবহারের সুযোগ পাবেন।

পরিকল্পনার আওতায় জেমা, লামা ও কুয়েনের মতো বিদ্যমান এআই মডেলকে বাংলা ভাষার উপযোগী করে প্রশিক্ষণ দেওয়া হবে। বাংলা থেকে অনুবাদ, কথাকে লেখায় রূপান্তর, শিক্ষা ও বিভিন্ন নাগরিক সেবায় এআই ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হবে। মডেলের প্রশিক্ষণ ও পরিচালনা দেশের অভ্যন্তরীণ সার্ভারেই করার লক্ষ্য রয়েছে।

এ ছাড়া গাজীপুরের টঙ্গীতে রাষ্ট্রায়ত্ত টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) কারখানা ব্যবহার করে দেশে এআই কম্পিউটার, ওয়ার্কস্টেশন ও সার্ভার সংযোজনের পরিকল্পনা করছে সরকার। তবে উচ্চক্ষমতার প্রসেসর ও মেমরির মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করতে হবে।

প্রাথমিক পর্যায়ে ১২ মাসের মধ্যে অবকাঠামো প্রস্তুতি ও কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পরবর্তী দুই বছরে আঞ্চলিক কেন্দ্র চালু, প্রথম এআই মডেল প্রশিক্ষণ এবং স্টার্টআপ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কম্পিউটিং সুবিধা সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারের মতে, নিজস্ব এআই অবকাঠামো গড়ে উঠলে দেশের তথ্যের ওপর নিয়ন্ত্রণ বাড়বে এবং প্রযুক্তির ব্যবহার আরও সহজলভ্য হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু দেশে সার্ভার স্থাপন করলেই তথ্যের নিরাপত্তা নিশ্চিত হবে না। এ জন্য শক্তিশালী সাইবার নিরাপত্তা, কার্যকর তথ্য সুরক্ষা আইন, নাগরিকের অধিকার ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *