November 17, 2026

Khabar BD

Bangladesh Updates

শেখ হাসিনার নিজের জেলা গোপালগঞ্জে সাঁজোয়া যান ও ‘বডি–ওর্ন ক্যামেরা’ নিয়ে ১০ প্লাটুন বিজিবি

শেখ হাসিনার নিজের জেলা গোপালগঞ্জ বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তৎপর হয়ে ওঠায় এখন অগ্নিগর্ভ। আগের দিনের লাঠিসোটা নিয়ে মিছিল ও পুলিশের গাড়িসহ ব্যপক ভাঙচুর কান্ডে ইতোমধ্যেই ব্যপকসংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ সোমবার সকাল থেকে গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের টহল চলছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনার সামনে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের কোনো মহড়া দুপুর পর্যন্ত দেখা যায়নি।

বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও প্রয়োজনীয় দাঙ্গা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে মোতায়েনকৃত সর্বোচ্চসংখ্যক সদস্যের সঙ্গে বডি–ওর্ন (শরীরে সংযুক্ত) ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ড্রোনসহ অন্যান্য প্রযুক্তির মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের লাইভ ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।

বিজিবি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন।

গতকাল রোববারের সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর আজ গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। জেলার সরকারি-বেসরকারি অফিস, আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে। ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলা শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

গতকাল বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মহড়া দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। এ সময় তাঁদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র ছিল। মহড়ার সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ দলটির নেতা–কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *