November 21, 2026

Khabar BD

Bangladesh Updates

এসএসসির ফল জালিয়াতি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী গ্রে*প্তার

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির মামলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক প্রোগ্রামারসহ তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বুধবার রাতে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। শনিবার বিষয়টি জানা যায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বোর্ডের কম্পিউটার বিভাগের প্রোগ্রামার মোহাম্মদ আবদুল মালেক (৫৬) এবং স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম (২৯) ও শহিদুল আলম (২৭)। তাঁদের মধ্যে ফরহাদুল ও শহিদুল অস্থায়ী কর্মচারী। মামলার এজাহারে তাঁদের নাম না থাকলেও তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় এক শিক্ষার্থীর নম্বর পরিবর্তন করে ফল জালিয়াতির অভিযোগে গত ২৯ অক্টোবর পাঁচলাইশ থানায় মামলা করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক। মামলায় বোর্ডের তিন কর্মচারী ও এক শিক্ষার্থীকে আসামি করা হয়।

শিক্ষা বোর্ডের সচিব জানান, উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সময় খাতায় থাকা নম্বরের সঙ্গে প্রকাশিত ফলের অসংগতি ধরা পড়ে। এরপর অভ্যন্তরীণ তদন্ত শুরু করে বোর্ড এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীর ফল স্থগিত করা হয়। পরে মন্ত্রণালয়ের নির্দেশে মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক রাসেল মিয়া জানান, তিনজনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ফল জালিয়াতির ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গিয়েছে। তাঁদের শনাক্ত করার কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *