মায়ের দেখা মিলেনি আর, চলেই গেল হতভাগ্য তুর্য
চিকিৎসা ও পরিচর্যার অনিশ্চয়তার মধ্যেই শেষ পর্যন্ত পৃথিবী থেকে বিদায় নিল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিস্বর্গ হোসেন তূর্য। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
মা কারাগারে, আর অসুস্থ সন্তান মৃত্যুর সঙ্গে লড়ছিল বাইরে। মৃত্যুর আগে মায়ের সঙ্গে একবার দেখা করার প্রবল ইচ্ছা ছিল তূর্যের। কিন্তু কারাগারের দূরত্বসহ নানা জটিলতায় সে ইচ্ছা আর পূরণ হয়নি। তূর্যের মা শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য ইতোমধ্যে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। মায়ের প্যারোলে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত না এলে মরদেহ কাশিমপুর কারাগারের সামনে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বজনরা।
এর আগে গত ৬ অক্টোবর কারাগারে মায়ের অনুপস্থিতিতে অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন তূর্যের চিকিৎসা, ওষুধপত্রের সংকট এবং অসমাপ্ত আরেকটি অস্ত্রোপচার নিয়ে পরিবারের উদ্বেগের বিষয়টি উঠে আসে গণমাধ্যমে। ওই প্রতিবেদনে অসুস্থ বড় ভাইয়ের দেখভালের ভার ছোট বোন তূর্নির ওপর পড়ার বিষয়টিও তুলে ধরা হয়েছিল।
পারিবারিক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে তূর্য তার খালার কাছে থাকত। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পারিবারিক বিরোধের জেরে গত ৩ অক্টোবর গভীর রাতে রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানাকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আটকের আগে কয়েক দিন ধরে নিজ বাসায় ‘মব’ ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছিলেন শারমিন সুলতানা ও তার আইনজীবী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুব মহিলা লীগের সাবেক নেত্রী হওয়ায় পারিবারিক বিরোধ থেকে সৃষ্ট পরিস্থিতি রাজনৈতিক রূপ নেয় বলেও অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের সময় অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের দেখভালের বিষয়টি তুলে ধরে শারমিন সুলতানার আকুতি এবং শেষ পর্যন্ত মায়ের সান্নিধ্য ছাড়াই তূর্যের মৃত্যুর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
