ঢাকায় সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফের মৃ*ত্যু রহস্যে এবার সুন্দরী তরুণী
ঢাকার উত্তরা ১১ নম্বরের আলো-আঁধারি ক্লাব আর বারের সিসিটিভি ফুটেজ এখন কথা বলতে শুরু করেছে। বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক চৌকস ফ্লাইট লেফটেন্যান্ট কে. এম. তাহসিফ সৌরি-এর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এবার দৃশ্যপটে এলো একজন সুন্দরী তরুণী। ঘটনার পর দুই দিনেও যা আঁচ করা যায়নি।
নিখোঁজ হওয়ার ঠিক কয়েক ঘণ্টা আগে বারের লিফটের সামনে তাহসিফের সাথে দেখা যাওয়া এই তরুণী কে, তাহসিফের সঙ্গে কি সম্পর্ক তার? এখানেই কি লুকিয়ে মৃত্যুর মূল চাবিকাঠি?
তদন্তে উঠে এসেছে ঘটনার মূল কেন্দ্রবিন্দু ঢাকার উত্তরার ১১ নম্বর সেক্টরের ৪০ সোনারগাঁও জনপথ রোডে অবস্থিত এই ‘নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বার’। এটি আধুনিক মদ্যপানের জন্য পরিচিত বিলাসবহুল ক্লাব ও বার।
গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিট। এই ক্লাবের সামনেই এসে থামে তাহসিফের বাইক। পেছনে বসা টি-শার্ট ও কালো প্যান্ট পরিহিত এক সুন্দরী তরুণী, যার হাতে ঝুলছিল একটি সাদা ব্যাগ।
ঠিক তার পরপরই আরেকটি বাইকে সেখানে এসে হাজির হন তাহসিফের জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ। এরপর এই মোহময়ী তরুণী আর বন্ধু দীপকে সাথে নিয়ে লিফটে চড়ে ক্লাবের ভেতরে হারিয়ে যান তাহসিফ।
তদন্তকারীরা বলছেন, সেই আলো-আঁধারি ক্লাবের ভেতরে তারা তিনজন একসঙ্গে কাটিয়েছিলেন দীর্ঘ দেড় ঘণ্টা। বারের ভেতরের সেই রহস্যঘেরা সময়ে ঠিক কী ঘটেছিল তা এখনও কুয়াশাচ্ছন্ন।
এরপর গভীর রাতে সেই সুন্দরী তরুণীসহ তারা তিনজন একসঙ্গে ক্লাব থেকে বের হন। ক্লাব থেকে বের হওয়ার পর তাদের গন্তব্য ছিল উত্তরার রাজউক অ্যাপার্টমেন্ট প্রজেক্টের দিকে। সেখান থেকে পরবর্তীতে তারা আশকোনা রেস্টুরেন্ট হয়ে যান রাজাবাড়ী ঘাটের দিকে।
গভীর রাতের সেই শেষ যাত্রায় ঠিক কী ঘটেছিল যে, পরদিনই উত্তরার তুরাগ নদীতে ভেসে উঠল তাহসিফের নিথর দেহ?
ইতোমধ্যে বন্ধু দীপকে ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে সিসিটিভি ফুটেজের সেই রহস্যময়ী তরুণী এখনও ধরাছোঁয়ার বাইরে। এই ক্লাবের অন্ধকার কোণে লুকিয়ে থাকা সত্য আর তরুণীটির পরিচয় মিললেই কি বেরিয়ে আসবে তাহসিফ হত্যাকাণ্ডের আসল মাস্টারমাইন্ড? সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে তুরাগের ঝড়ো বাতাসে।
