ইটবোঝাই ট্রাকের চাপে ভে*ঙে পড়ল বেইলি সেতু
মেরামতের মাত্র দুই দিনের মধ্যেই ইটবোঝাই ট্রাকের চাপে আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে রাঙামাটির কাউখালী-রানীরহাট সড়কের একটি বেইলি সেতুর পাটাতন। দুর্ঘটনার জেরে কাউখালী উপজেলার সঙ্গে রাঙামাটি ও চট্টগ্রামের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর আগে গত শনিবার একই সেতুর পাটাতন ভেঙে গেলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ মেরামতের পর মঙ্গলবার যান চলাচল পুনরায় চালু করে।
স্থানীয়দের অভিযোগ, পাশের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে অতিরিক্ত ইটবোঝাই ভারী ট্রাক চলাচলের কারণে সেতুটি বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও অনেক চালক তা মানছেন না।
রাঙামাটি সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, পুরোনো ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সেতুটিতে পাঁচ টনের বেশি ওজনের যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সতর্কতামূলক সাইনবোর্ডও স্থাপন করা রয়েছে। তবে নিয়ম অমান্য করে অতিরিক্ত মালামাল বহনের কারণেই দুর্ঘটনা ঘটছে। দ্রুত সেতু মেরামত করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে।
