September 14, 2026

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ দেশে হস্তান্তর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পীরগঞ্জের দানাজপুর সীমান্তে মরদেহটি হস্তান্তর করা হয়। এ সময় পীরগঞ্জ থানা পুলিশ ও ভারতের রায়গঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার ভোরে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৩৩৩ নম্বর মেইন পিলারের কাছে বিএসএফের গুলিতে আসাদুল হক (৩৮) নিহত হন। একই ঘটনায় মোস্তাকিম (৩২) ও শ্রী উদা রায় (৩৪) নামে আরও দুই বাংলাদেশি আহত হন এবং পরে বিএসএফ তাদের আটক করে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আসাদুলের মৃত্যু হয়। স্থানীয় সূত্রের দাবি, সীমান্তের ৩৩৩ মেইন পিলার এলাকার ৬৩ চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের টহলদল এ সময় গুলি চালায়। নিহত আসাদুল হক পীরগঞ্জ উপজেলার ইন্দ্রইল গ্রামের বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *