বিএসএফের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, কুষ্টিয়া সীমান্তে সতর্ক বিজিবি
কুষ্টিয়া সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৮ জনকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটে কুষ্টিয়া সীমান্তের জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫২/১-এস–সংলগ্ন নদীপথে এ ঘটনা ঘটে।
বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতার কেটে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। তাঁদের মধ্যে ছিলেন ২ জন পুরুষ, ৪ জন নারী এবং ২ জন ট্রান্সজেন্ডার ব্যক্তি। সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবির টহলদল বিষয়টি দ্রুত শনাক্ত করে এবং তাঁদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে বিজিবির দৃঢ় অবস্থানের মুখে ওই ব্যক্তিরা নদীপথেই ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। তিনি জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
