March 2, 2026

রাজধানীতে মেঘলা আকাশ, ঢাকা সহ ৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

সোমবার সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘলা। সকাল পার হয়ে দুপুর হয়ে গেলেও সূর্যের দেখা নেই। এ অবস্থা দেশের বিভিন্ন অঞ্চলে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ঢাকা সহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে। এ বৃষ্টি খুব বেশি হবে না বলেই আবহাওয়াবিদদের ধারণা।

আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–একটি স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য স্থানেও মেঘলা আকাশ থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা আজ বলেন, পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা খুব বেশি হবে না। ঢাকা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। তবে রাজধানীতে বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। গত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। এরপর গত সপ্তাহে আবার বৃষ্টি হয়। তবে রাজধানীতে বৃষ্টি হয়নি। হয়েছে মূলত উপকূলীয় জেলা সাতক্ষীরা, বরিশালের দিকে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আজ যে মেঘ দেখা যাচ্ছে, তা এই সময়ে স্বাভাবিক। এখন উত্তুরে বাতাস চলে যাওয়ার সময়। কালবৈশাখীও শুরু হয়ে যাবে। এ সময়টায় মাঝেমধ্যে আকাশে মেঘ জমা হয়। তাতে কিছুটা বৃষ্টিও হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *