April 21, 2026

ঢাকায় আজও থাকবে গরমের দাপট, সকালেই তাপমাত্রা ২৮ ডিগ্রি

গত ৪৮ ঘণ্টা ধরে রাজধানী ঢাকায় বৃষ্টির দেখা নেই, সেই সঙ্গে বাড়ছে গরম। আজও দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। আর আবহাওয়াও আগের মতোই থাকার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আবার মঙ্গলবার (২১ এপ্রিল) সকালেই তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এ সময়ে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।

এছাড়া আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্য উদয় হবে ভোর ৫টা ৩১ মিনিটে। অন্যদিকে, সোমবার রাতে প্রকাশিত সারাদেশের সাধারণ পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এছাড়া দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একইসঙ্গে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তা আরও কিছু এলাকায় বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *