নারায়ণগঞ্জ-ঢাকা-গাজীপুর রুটে বৈদ্যুতিক ট্রেন চলবে
বাংলাদেশ বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে যুক্ত করে নারায়ণগঞ্জ সদর থেকে জয়দেবপুর রুটে চলবে এই ট্রেন। এই ট্রেন চলাচল শুরু করবে ২০৩০ সালের মধ্যে।
প্রকল্পটি অনুমোদনের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদনের সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন। আগামীকাল বুধবার অনুষ্ঠেয় একনেক বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের দীর্ঘদিন ধরে আটকে থাকা এই উদ্যোগটি অবশেষে আলোর মুখ দেখছে। উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা বা ডিপিপি অনুসারে, ঢাকা ও দুই শিল্পঘন অঞ্চল গাজীপুর ও নারায়ণগঞ্জের মধ্যে যানজট ও পরিবহনের চাপ কমাতে এ প্রকল্পটি নেওয়া হচ্ছে। পুরোনো ডিজেলচালিত ইঞ্জিনের কারণে বর্তমানে ট্রেনগুলো কাঙ্ক্ষিত গতিতে চলতে পারে না। যাত্রীদের চাহিদা পূরণ করতে পারছে না। এ জন্য রেলওয়ে প্রকল্পটির প্রস্তাব করা হয়েছে। বৈদ্যুতিক ট্রেনে ৪০ শতাংশ বেশি জ্বালানি সাশ্রয়ী হবে। বৈদ্যুতিক ট্রেন চালু হলে এখনকার তুলনায় পরিচালনা ব্যয় ৩৫ শতাংশ এবং রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ শতাংশ পর্যন্ত কমবে। পাশাপাশি কার্বন নিঃসরণ কমবে ২০ থেকে ৩০ শতাংশ। প্রাথমিক পর্যায়ে এই ট্রেন চলবে তিন জেলাকে কেন্দ্র করে।
এ ছাড়া ঢাকা-চট্টগ্রামের মধ্যেও বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।
এতে নারায়ণগঞ্জ-ঢাকা- জয়দেবপুর রুটে যাতায়াতের সময় অর্ধেকের বেশি কমে আসবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২৩ কোটি টাকা। এর মধ্যে ২ হাজার ৮৮০ কোটি টাকা ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)। বাকি প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা থাকবে সরকারের নিজস্ব অর্থায়ন।
