November 1, 2026

Khabar BD

Bangladesh Updates

বিপন্ন শুশুকও উঠল মাছের বাজারে, নিলামে বিক্রি ২,১০০ টাকায়

নিষিদ্ধ হলেও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট মাছবাজারে প্রকাশ্যে নিলামে বিক্রি হল বিপন্ন গাঙ্গেয় ডলফিন বা শুশুক। শুক্রবার সকাল সাতটার দিকে গাউছিয়া মৎস্য আড়তে শুশুকটি ২ হাজার ১০০ টাকায় বিক্রি করা হয়।

আড়তের স্বত্বাধিকারী রওশন মোল্লা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে শরিফুল নামের এক জেলে পদ্মা নদীতে মাছ ধরার সময় ফাঁসন জালে শুশুকটি পান। ১৫ থেকে ১৬ কেজি ওজনের শুশুকটি পরে নিলামে বিক্রি করা হয়। তাঁর দাবি, শুশুক দিয়ে ব্যথানাশক তেল তৈরি করা হয়।

আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা আইইউসিএনের তালিকায় গাঙ্গেয় ডলফিন বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত। বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী শুশুক শিকার, হত্যা, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ। এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা জানান, শুশুক বিক্রির বিষয়টি তাঁর জানা ছিল না। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, এ ধরনের প্রাণী শিকার ও বিক্রি বন্ধে ফেরিঘাট এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড দেওয়া হয়েছে। ঘটনা জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *