September 16, 2026

জামায়াতে ইসলামী নেতা মুফতি হামজা কুরুচিপূর্ণ কথা বলেছেন, মামলা করবেন নারী সংসদ সদস্য

বাংলাদেশের কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলের অনুমতি পেলে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন ফরিদা ইয়াসমিন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ফরিদা ইয়াসমিন বলেন, উনি একজন সংসদ সদস্য এবং আমিও একজন সংসদ সদস্য। প্রত্যেকেরই মর্যাদা ও সম্মান রয়েছে। একজন নারীকে সম্মান দিয়ে কথা বলা আমাদের রাজনৈতিক কালচার, ভদ্রতা ও আচরণের অংশ। এর বাইরে আমরা যেতে পারি না।

জনপ্রতিনিধিদের আচরণের একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত উল্লেখ করে এমপি ফরিদা বলেন, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা জনপ্রতিনিধিদের আচার-আচরণের দিকে তাকিয়ে থাকেন। অথচ কুষ্টিয়া অঞ্চলের সংসদ সদস্য মুফতি আমির হামজা তাকে ও তার দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে অত্যন্ত অপ্রীতিকর কটূক্তি করেছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বিরোধী ও সরকারি দল মিলেমিশে একসঙ্গে কাজ করার ওপর জোর দিয়ে ফরিদা বলেন, আমি একজন বয়স্ক নারী। দায়িত্ব দেওয়া হয়েছে সংরক্ষিত আসনের ৩৭ জন নারীকে। জেনেশুনে উনি কেন এ ধরনের কটূক্তি করার স্পর্ধা দেখান? আমাদের পরস্পরকে সম্মান করতে হবে।

এ সময় নিজের দলের ওপর ঘটনার বিচারভার ছেড়ে দিয়ে তিনি জানান, তাকে ও তার দলের নেতৃত্বকে তাচ্ছিল্য ও অপমান করার উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি। দলের অনুমতি পেলে এ ঘটনায় আইনি পদক্ষেপ হিসেবে মানহানির মামলা করা হবে।

এদিকে ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে ঝাড়ু মিছিল করেছেন ভেড়ামারা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগি সংগঠন। মঙ্গলবার রাত ৯টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা শহরে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ভেড়ামারা শহরের বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় সমাবেশ বক্তব্য রাখেন- ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, কাওছার আজম, আবুল কালাম আজাদ প্রমুখ। দলের নেতাকর্মীরা বলেন, একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে তাঁরা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এর আগে, সোমবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা নুরুজ্জামান অডিটোরিয়াম হলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমির হামজা বলেন, ‘আমরা কথা বললেই সবসময় আমাদের বক্তব্য উল্টে বিপরীত দিক ধরা হয়। আমি এক লাখ ৮৩ হাজার ভোটে জয়লাভ করেছি। কিন্তু অনেক প্রোগ্রামে আমাদের মাইনাস করা হয়। প্রতিটি ইউনিয়নে সারের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে। এ নিয়ে কুষ্টিয়া প্রশাসন একটি মিটিং করেছে, যেখানে সরকারি দলের নেতারা ছিলেন। নির্বাচিত এমপিদের বাদ দিয়ে অনির্বাচিত মহিলা সংরক্ষিত সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *