আট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস
ঢাকাসহ দেশের আটটি অঞ্চলে ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। এসব এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে, কোথাও কোথাও দমকা হাওয়াও বয়ে যেতে পারে। সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
