রক্তচাপ নিয়ন্ত্রণে ঘুমের সঠিক সময় কতটা গুরুত্বপূর্ণ?
রাতে মুঠোফোনে রিল দেখতে দেখতে অনেকেই দেরিতে ঘুমাতে যান। কিন্তু নিয়মিত রাত জাগা ও অনিয়মিত ঘুমের অভ্যাস রক্তচাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আমাদের শরীরের নিজস্ব জৈবিক ঘড়ি বা সার্কেডিয়ান রিদম অনুযায়ী রক্তচাপের ওঠানামা হয়। সাধারণত দিনের বেলায় রক্তচাপ বাড়ে এবং রাতে ঘুমের সময় ১০ থেকে ২০ শতাংশ কমে যায়। চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় ‘নকটার্নাল ডিপিং’। এতে হৃদ্যন্ত্র ও রক্তনালি বিশ্রামের সুযোগ পায়।
তবে অনিয়মিত ঘুম, রাত জাগা ও পর্যাপ্ত বিশ্রামের অভাবে রক্তচাপের স্বাভাবিক ছন্দ ব্যাহত হতে পারে। ঘুমের সময় রক্তচাপ প্রত্যাশিত মাত্রায় না কমলে তাকে ‘নন-ডিপিং’ বলা হয়। গবেষণায় এ অবস্থার সঙ্গে হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকির সম্পর্ক পাওয়া গিয়েছে।
বিশেষজ্ঞদের পরামর্শ, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমানো উচিত। কিছু গবেষণায় রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঘুমাতে যাওয়ার সঙ্গে হৃদ্রোগের তুলনামূলক কম ঝুঁকির সম্পর্ক দেখা গিয়েছে। তবে সবার দৈনন্দিন রুটিন এক নয়। তাই নির্দিষ্ট সময়ের চেয়ে প্রতিদিন নিয়ম মেনে পর্যাপ্ত ঘুমানো বেশি গুরুত্বপূর্ণ। যেমন, সকালে ৬টায় উঠতে হলে রাত ১০টার মধ্যে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নেওয়া ভালো। আর সকাল ৭টায় উঠলে রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঘুমাতে পারেন।
শুধু কম ঘুম নয়, নিয়মিত অতিরিক্ত ঘুমও স্বাস্থ্যের জন্য ভালো নয়। প্রতিদিন ৯ ঘণ্টার বেশি ঘুমানোর সঙ্গেও উচ্চ রক্তচাপের ঝুঁকি রয়েছে। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত সময়ে ঘুমানো, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং রাতে মুঠোফোন ব্যবহারের অভ্যাস কমানো জরুরি। উচ্চ রক্তচাপ থাকলে নিয়মিত রক্তচাপ মাপার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
