অসুস্থ বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন রাষ্ট্রপতি ফখরুল
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদকে দেখতে আজ ভোরে হাসপাতালে ছুটে গিয়েছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে আজ বুধবার দেওয়া এক পোস্টে বলা হয়েছে, রাষ্ট্রপতি আজ সকালে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান। সেখানেই ভর্তি আছেন ইকবাল হাসান মাহমুদ। গতকাল মঙ্গলবার রাতে অসুস্থ হলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
রাষ্ট্রপতি এ সময় মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসা আর স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন। রাষ্ট্রপতি হাসপাতালে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর শয্যাপাশে বসে কিছু সময় কাটান।
এর আগে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ কায়েস জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে মন্ত্রী জ্বর, সর্দি ও কাশির সমস্যায় ভুগছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তাকে রাজধানী ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।
