ঢাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
বসন্তের বিদায়লগ্নে প্রকৃতিতে পরিবর্তনের আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আগামী পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের প্রভাবে দেশের উত্তর ও পূর্বাঞ্চলসহ বেশ কিছু বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এই প্রবণতা বেশি দেখা যেতে পারে।
তবে বৃষ্টিহীন এলাকাগুলোতে তাপমাত্রা কিছুটা বৃদ্ধির পাশাপাশি ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
