March 6, 2026

বায়ুদূষণে ঢেকে রয়েছে রাজধানী ঢাকা

রোদ আছে, তবু সকাল থেকেই রাজধানীর আকাশে যেন ধুলোর পর্দা ছড়িয়ে আছে। আজ শুক্রবার স্বাভাবিকভাবে রাজধানীতে যানবাহন কম চলছে। বেশির ভাগ কলকারখানাও বন্ধ। এ শহরের দূষণের বড় উৎস এগুলো। তারপরও আজ ঢাকার বায়ুদূষণ গতকাল বৃহস্পতিবারের চেয়ে অনেক বেশি।

আজ সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বের ১২০টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। বায়ুর মান ছিল ৩৩০। গতকাল প্রায় এ সময় ১২৪টি নগরীর মধ্যে বায়ুদূষণে শীর্ষে ছিল ঢাকা। সার্বিক বায়ুর মান ছিল ২৯৮। যখন কোনো এলাকার বায়ুমান ৩০০ পার হয়, তখনই সে এলাকায় ‘দুর্যোগপূর্ণ’ পরিস্থিতি আছে বলে ধরা হয়। বায়ুদূষণের সর্বোচ্চ স্তর এটি। আজ রাজধানীর আটটি এলাকায় বায়ুর মান ৩০০ ছাড়িয়ে গেছে। এসব এলাকায় যেতে বা যাঁরা এসব এলাকায় থাকছেন, তাঁদের অবশ্যই মাস্ক পরাসহ কিছু নিয়ম মেনে চলতে হবে। পুরো নগরীর বায়ুই আজ ‘খুব অস্বাস্থ্যকর’।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ বায়ুদূষণে শীর্ষে আছে পাকিস্তানের শহর লাহোর, বায়ুর মান ৪১৮।‌ ঢাকার বায়ুদূষণ ভয়াবহ আকারে বাড়ছে। গত ফেব্রুয়ারি মাসের প্রায় পুরো সময় ঢাকা বায়ুদূষণে শীর্ষে ছিল। এ মাসেও এর ব্যত্যয় হচ্ছে না। এরই মধ্যে গত সোমবার নগরীতে বৃষ্টি হয়ে গেল। ১১৪ দিন পর বৃষ্টি হলো ঢাকায়। যদিও পরিমাণ খুব কম, মাত্র ৩ মিলিমিটার। সাধারণত বৃষ্টি হলে বায়ুর মান উন্নত হয়। কিন্তু দেখা গেল কোনো উন্নতি হয়নি। বৃষ্টির পরপরই বিশ্বের নগরীগুলোর মধ্যে দূষণে শীর্ষে ছিল ঢাকা।

বায়ুদূষণে ২০১৯ সালে দেশে প্রায় দেড় লাখ মানুষের মৃত্যু হয়েছে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে। এতে মোট দেশজ উৎপাদনের ক্ষতি প্রায় ৮ শতাংশ বলেও জানিয়েছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *