বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সফলতা কামনা করেন।১৮ই ফেব্রুয়ারি হোয়াইট হাউস এ চিঠি পাঠায়। চিঠিটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্স হ্যান্ডলে পোস্ট করেছে।
অভিনন্দন বার্তায় ট্রাম্প বলেন, ‘আমাদের দুই দেশের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, যেখানে সার্বভৌম দেশগুলো সমৃদ্ধি লাভ করতে পারে। আপনার মেয়াদ শুরুর এই সময়ে আমি আশা করি, আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের গতি ধরে রাখতে আপনি আমাকে সাহায্য করবেন। এই চুক্তি আমাদের উভয় দেশের কৃষক ও শ্রমিকদের জন্য কল্যাণকর।’
চিঠিতে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি আরও আশা করি, আপনি প্রয়োজনীয় প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ নেবেন, যা শেষ পর্যন্ত আপনার সামরিক বাহিনীকে বিশ্বের সেরা অত্যাধুনিক মার্কিন সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে।’ ট্রাম্প আরও লিখেন, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী করতে আমি আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।বাংলাদেশে নিযুক্ত আমার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। একসঙ্গে কাজ করার মধ্য দিয়ে আমাদের উভয় জাতিকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করার সুযোগ রয়েছে।’চিঠির শেষে মার্কিন প্রেসিডেন্ট তারেকের আগামী দিনগুলোর জন্য শুভকামনা জানান।
