বালু উত্তোলনে নিহ*ত শ্রমিক
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহাদেও নদে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি নৌকার মাঝে চাপা পড়ে নিহত হলেন এক শ্রমিক। নিহত শ্রমিকের নাম রিফাত (২০)। বুধবার সকালে রংছাতি ইউনিয়নের বড়ুয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রায় এক মাস ধরে মহাদেও নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে নদীভাঙন বৃদ্ধি পেয়ে বসতবাড়ি, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে।
রংছাতি ইউনিয়ন ভূমি কর্মকর্তা আলী আজগর জানান, বালু উত্তোলন ঠেকাতে তৈরি করা প্রতিবন্ধকতা ভেঙে ফেলা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, মহাদেও নদে বর্তমানে কোনো বৈধ বালুমহাল নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ আল মামুন বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
