August 29, 2026

পথচারীকে ছু*রিকাঘাত, হাত ফসকে ছিনতাইকারীর সঙ্গী নিহত

ভোরের ঢাকা ছিনতাইকারীদের থেকে মুক্ত করা যায়নি। এসময় নগরবাসী ঘুমন্ত থাকায় রাস্তার পথচারীকে অহরহ ছিনতাইয়ের শিকার হতে হয়। শনিবার (২৯ আগস্ট) ভোরে রাজধানীর কদমতলীর নামা-শ্যামপুর এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন এক পথচারী। এ সময় ছুরি হাত ফসকে এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন তারই সঙ্গের আরেক ছিনতাইকারী। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। পুলিশ তার পরিচয় শনাক্ত করতে পারেনি।

শনিবার ভোরে নামা-শ্যামপুরের বড়ইতলা ভাঙা ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ছুরিকাহত ওই ছিনতাইকারীকে উদ্ধার করে পুলিশ সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজীব কুমার বাড়ৈ জানান, ভোরে ভাঙ্গা ব্রিজের পাশে দুই পথচারীকে ঘেরাও করে তিন ছিনতাইকারী। তাদের মধ্যে এক ছিনতাইকারী এক পথচারীকে জাপটে ধরলে তার কাছ থেকে জিনিসপত্র টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অন্য দুই ছিনতাইকারী। একপর্যায়ে সুইচ গিয়ার দিয়ে পথচারীকে আঘাত করতে গেলে পেছন থেকে জাপটে ধরা অপর ছিনতাইকারী ছুরিকাহত হয়। এ সময় দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও আহত ছিনতাইকারী রাস্তায় পড়ে থাকে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত ছিনতাইকারীর নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *