August 26, 2026

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে ৫৫তম ‘জশনে জুলুস’

পবিত্র ঈদ মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হল ৫৫তম ‘জশনে জুলুস’। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা-সংলগ্ন আলমগীর খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া থেকে জুলুসের কার্যক্রম শুরু হয়। জুলুসে অংশ নেন হাজার হাজার মানুষ।

১৯৭৪ সাল থেকে প্রতি বছর ১২ রবিউল আউয়াল আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় চট্টগ্রামে এ জশনে জুলুস অনুষ্ঠিত হয়ে আসছে। এবার জুলুসে নেতৃত্ব দেন সৈয়দ মুহাম্মদ সাবের শাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ আকিব আহমেদ শাহ।

ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা হেঁটে, ট্রাক ও পিকআপে করে জুলুসস্থলে জড়ো হন। হামদ-নাত, তাকবির, দরুদ শরিফ ও জিকিরে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। জুলুসকে ঘিরে মুরাদপুর থেকে জামেয়া মাদ্রাসা পর্যন্ত বসে অস্থায়ী মেলা। বিভিন্ন স্থানে পানি, শরবত ও খেজুর বিতরণ করা হয়।

জুলুসের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনজুমান ট্রাস্টের প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে নিরাপত্তা জোরদারের পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। নগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী জানিয়েছেন, জুলুসে শৃঙ্খলা বজায় রাখতে অস্ত্র বহন ও প্রদর্শনসহ কয়েকটি কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *