রমজানের আগেই আকাশছোঁয়া লেবু, কাঁচা মরিচের দাম
আগামীকাল শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এর আগে নওগাঁর বাজারে ইতিমধ্যে লেবু, কাঁচা মরিচ, বেগুন, শসা, আদা, রসুনসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। সবচেয়ে বেড়েছে লেবুর দাম। ৫০ টাকার কমে কোথাও এক হালি লেবু পাওয়া যাচ্ছে না।
আজ বুধবার সকালে নওগাঁ শহরের গোস্তহাটির মোড় পাইকারি সবজি বাজার ঘুরে দেখা গেছে, আড়তের দোকানগুলোতে খুব অল্প লেবু, কাঁচা মরিচ ও বেগুন উঠেছে। কৃষকেরা ভ্যান কিংবা রিকশায় করে লেবু, শসা ও বেগুন আনার সঙ্গে সঙ্গে পাইকারি বিক্রেতারা কিনে নিচ্ছেন।
পৌর খুচরা সবজি বাজার, সিও অফিস বাজার, পার-নওগাঁ যমুনা মার্কেট ও বাঙ্গাবাড়িয়া বাজারে ঘুরে দেখা যায়, অন্যান্য সময় সব খুচরা সবজি বিক্রেতার কাছে বিভিন্ন ধরনের সবজির পাশাপাশি লেবু থাকে। কিন্তু বেশির ভাগ বিক্রেতার কাছেই লেবু নেই। ব্যবসায়ীদের মধ্যে যাঁরা নিয়মিত ও দোকানের প্রধান পণ্য হিসেবে লেবু বিক্রি করেন, তাঁরাই বিভিন্ন টুকরিতে বিভিন্ন আকারের লেবু সাজিয়ে রেখেছেন।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহ আগে এক হালি লেবুর দাম ছিল ১৬ থেকে ১৮ টাকা। আজ সেই লেবু ৫০ থেকে ৬০ টাকা হালি দরে বিক্রি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি বেগুনের দাম বেড়েছে ৩০ টাকা। এ ছাড়া কাঁচা মরিচের দাম ৪০ থেকে ৫০ টাকা বেড়ে প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া শসার দাম কেজিতে ৪০ টাকা বেড়ে ১২০ টাকা হয়েছে। তবে অন্যান্য সবজির দাম স্থিতিশীল।
পৌর বাজারের সবজি বিক্রেতা হাবিবুর রহমান বলেন, তিনি ২০ বছরের বেশি সময় ধরে সবজি বিক্রি করছেন। এই শুকনো মৌসুমে সব সময় লেবু ও কাঁচা মরিচের দাম চড়া থাকে। কারণ, বাজারে সরবরাহ কম থাকে। এ জন্য দাম বেড়েছে। আর রোজার কারণে চাহিদা বেড়ে যাওয়ায় তিন-চার দিনে দাম আরও বেড়েছে।
এদিকে পেঁয়াজ, আদা ও রসুনেরও দাম বেড়েছে। প্রতি কেজি রসুন এক সপ্তাহ আগে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হলেও আজ বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৪০ টাকায়, আদার দাম কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। পেঁয়াজের দামও কেজিপ্রতি ৬ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। ইফতারের অন্যতম অনুষঙ্গ প্রকারভেদে প্রতি কেজিতে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।
