June 11, 2026

গরমে শরীর আর্দ্র রাখতে পানির সঙ্গে আরও যা পান করা জরুরি

তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় পানিশূন্যতা। কিন্তু এটি আমাদের বেশিরভাগের কাছেই উপেক্ষিত থাকে। ক্রমাগত ক্লান্তি থেকে শুরু করে মাথাব্যথা এবং শরীরে শক্তির অভাব পর্যন্ত নানা সমস্যা দেখা দেয় পানিশূন্যতা থেকে। যদিও পানি পান করা অপরিহার্য, কিন্তু সবসময় তা যথেষ্ট বলে মনে হয় না, বিশেষ করে যখন গরমে শরীর থেকে দ্রুত পানি বেরিয়ে যায়। এখানেই কয়েকটি সাধারণ উপাদান সাহায্য করতে পারে। খাওয়ার পানিতে কয়েকটি উপকরণ যোগ করলে কেবল স্বাদই বাড়বে না, দূর হবে পানিশূন্যতাও।

পানিতে লেবুর রস যোগ করলে তা কেবল স্বাদই বাড়ায় না, ঘন ঘন পানি পান করতে উৎসাহিত করে। যা আমাদের হাইড্রেটেড থাকতেও সাহায্য করতে পারে। লেবুতে অল্প পরিমাণে পটাশিয়াম এবং ভিটামিন সি থাকে, যা ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, বিশেষ করে গরম আবহাওয়ায়।

ইন্টারন্যাশনাল জার্নাল অফ স্পোর্ট নিউট্রিশন অ্যান্ড এক্সারসাইজ মেটাবলিজম-এর একটি গবেষণা অনুসারে, সাধারণ পানির তুলনায় ইলেক্ট্রোলাইটযুক্ত পানীয় শরীরে পানি ধরে রাখতে বেশি সাহায্য করে। এছাড়াও, লেবুর সতেজ টক স্বাদ সাধারণ পানির একঘেয়েমি দূর করতে পারে, ফলে কোনো রকম জোরজবরদস্তি ছাড়াই আপনার দৈনিক পানির চাহিদা পূরণ করা সহজ হয়।

পুদিনা পানিতে মেশানোর জন্য সবচেয়ে সহজ উপাদানগুলোর মধ্যে একটি এবং এটি গরমের সময়ে বিশেষভাবে কার্যকর। এটি শরীরে একটি প্রাকৃতিক শীতল প্রভাব ফেলে এবং পানিকে আরও সতেজ করে তোলে, যা পর্যাপ্ত পানি পানের অভ্যাস বজায় রাখতে সাহায্য করে।

যদিও পুদিনা ইলেক্ট্রোলাইটের উৎস নয়, তবে এর সুগন্ধ এবং স্বাদ শরীরে পানি পানের মাত্রা বাড়াতে ভূমিকা পালন করে। এক গবেষণা থেকে জানা যায় যে, ভালো স্বাদ পানি পানের মাত্রা বাড়িয়ে তোলে। তাই আপনার পানিতে কয়েকটি থেঁতো করা পুদিনা পাতা মেশালে লক্ষণীয় পার্থক্য তৈরি হতে পারে, বিশেষ করে যদি আপনি সারাদিন পর্যাপ্ত পানি পান করতে না পারেন।

চিয়া সিড ভিজিয়ে রাখলে পানি শোষণ করে এবং দ্রবণীয় ফাইবারের কারণে জেলের মতো আবরণ তৈরি করে, যা শরীরে পানি শোষণের গতি কমাতে সাহায্য করতে পারে। ফুড অ্যান্ড ফাংশন-এর একটি গবেষণা পত্র অনুসারে, চিয়া সিড থেকে মিউসিলেজ নিঃসৃত হয়। এটি একটি হাইড্রোফিলিক জেল যা প্রচুর পরিমাণে পানি ধরে রাখতে সক্ষম এবং দীর্ঘস্থায়ী হাইড্রেশনে সহায়তা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *