July 28, 2026

নিম্নচাপের প্রভাবে কমেছে তাপমাত্রা, বহাল থাকবে বৃষ্টির প্রবণতা

সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। যদিও নিম্নচাপটি বর্তমানে স্থলভাগে উঠে ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে, তবুও এর প্রভাবে আগামী অন্তত দুই দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সাগরের বিরূপ আবহাওয়ার কারণে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, চলতি মাসের শেষ দিন পর্যন্ত থেমে থেমে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। নিম্নচাপের প্রভাবে বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ ও শীতল বাতাস অনুভূত হতে পারে। তবে বুধবার রাজধানীর আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন নাও থাকতে পারে।

বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রাও কিছুটা কমেছে। সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় ২ ডিগ্রি কম। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ দফায় অতিবৃষ্টির আশঙ্কা তুলনামূলক কম থাকলেও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। আগামী মাসের ১ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমে আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *