লঘুচাপের প্রভাবে রাজধানীতে বৃষ্টি বাড়তে পারে আজ
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি বেড়েছে। এর প্রভাবে রাজধানীতেও আজ সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে এবং বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, আজ রাজধানীতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টি কমে আকাশ পরিষ্কার হতে পারে। আগামীকাল আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকার বৃষ্টির প্রভাব রাজধানী পর্যন্ত বিস্তৃত হতে পারে।
