August 17, 2026

বাংলাদেশের বাজারে কমলো সোনার দাম

বাংলাদেশের বাজারে সব ধরনের সোনার অলংকারের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী বা খাঁটি সোনার দাম কমে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার অলংকারের দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা। ১৪ আগস্ট শুক্রবার সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকের পর কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন দাম অনুযায়ী ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার মিলছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকায়।

হালনাগাদ তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ১০০ টাকা কমে বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৩ আগস্ট বৃহস্পতিবার সবশেষ ভালো মানের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছিল।

সোনার বাজারে পরিবর্তন এলেও রুপার অলংকারের দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ১৫৯ টাকা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *