August 17, 2026

১৫ আগস্টকে কেন্দ্র করে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা, টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে নিরাপত্তা বলয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্টকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীতে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা, মাঠে থাকছে সোয়াত-বোম্ব ডিসপোজাল ইউনিট।জননিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সে লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তবে ১৫ আগস্ট ঘিরে বড় ধরনের কোনো নাশকতার তথ্য নেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। যে কোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা রোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম বলেন, এটা (১৫ আগস্ট) একটা সেনসেটিভ ডে। আমাদের সব ইউনিটেরই আলাদা প্রস্তুতি আছে। আমরা এলার্ট থাকব। বড় ধরনের কোনো আতঙ্কের বিষয় নেই উল্লেখ করে তিনি বলেন, এরকম একটার পর একটা ইভেন্ট আসতেই থাকে, আমরা ফেস করছি।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সোয়াত, বোম্ব ডিসপোজাল ও কে-নাইন ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকবে।

শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে। মহানগরের সব প্রবেশপথে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে। ডিবি ও সিটিটিসির সদস্যরা অপারেশনাল কার্যক্রমে মোতায়েন থাকবেন। সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিট গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সুইপিং কার্যক্রম পরিচালনা করবে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে।

এছাড়া সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব। এর অংশ হিসাবে নিষিদ্ধ ঘোষিত ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, সন্দেহভাজন ব্যক্তি এবং উগ্রবাদী গোষ্ঠীর সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আগাম তথ্য সংগ্রহ ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করতে বিভিন্ন এলাকায় কন্টাক্ট বা ইনফরমার বা সোর্স নিয়োগ করা হয়েছে। অনুষ্ঠানস্থলে যাতায়াতের রুটগুলোতেও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের মোতায়েন করে নজরদারি করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতেও সাইবার প্যাট্রোলিং জোরদার করেছে র‌্যাব।

১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধি, গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনাসহ জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ ও এপিবিএন মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। এছাড়া পুরো উপজেলাজুড়ে সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত রেখেছে ডিবি পুলিশ। আর জেলাজুড়ে মোতায়েন করা হয়েছে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের তিনটি গেটে পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

এদিকে শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নেতৃত্বে পুলিশ, র‍্যাব, বিজিবি, এপিবিএনসহ আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল বের করা হয়। টহলটি জেলা শহর হয়ে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড, কলেজ রোড, চৌড়ঙ্গি হয়ে শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ এলাকায় গিয়ে আবার জেলা শহরে ফিরে যায়। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, ১৫ আগস্টে জেলার আইনশৃঙ্খলার যাতে কোনো অবনতি না ঘটে সেজন্য ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *