August 21, 2026

১৫ বছরে ৫ হাজার শিক্ষার্থী, সানারিজে সাফল্যের উদ্‌যাপন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি শিক্ষক আবু হানিফ জুয়েলের প্রতিষ্ঠিত সানারিজ টিউটোরিয়াল সেন্টারের ১৫ বছর পূর্তি উপলক্ষে ১০৪ শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড ও সম্মাননা দেওয়া হয়েছে। ৮ আগস্ট বুরব্যাংকের সায়েন্টোলজি অডিটোরিয়ামে আয়োজিত প্রায় পাঁচ ঘণ্টার অনুষ্ঠানে একাডেমিক মেধা, নেতৃত্ব, উন্নতি ও বিশেষ অবদানের জন্য শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া হয়। এলিমেন্টারি স্কুল থেকে দ্বাদশ গ্রেডের শিক্ষার্থীদের পাশাপাশি হার্ভার্ড, কলাম্বিয়া, ইউসিএলএসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া সাবেক শিক্ষার্থীদেরও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে মেডেল ও পুরস্কার বিতরণের পাশাপাশি গান, নৃত্য ও ট্যালেন্ট শোর আয়োজন ছিল। ২০১১ সালে লস অ্যাঞ্জেলেসের লিটল বাংলাদেশ এলাকায় প্রতিষ্ঠার পর ২০১৩ সালে সানারিজ নামে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। গত ১৫ বছরে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী এখানে পড়াশোনা করেছেন, যাঁদের প্রায় ৬০ শতাংশ বাংলাদেশি। তবে বাংলাদেশিদের পাশাপাশি কোরিয়ান, চীনা, ফিলিপিনো, ভারতীয়, পাকিস্তানি, ইথিওপীয়, মঙ্গোলীয় ও লাতিনো সম্প্রদায়ের শিক্ষার্থীরাও সানারিজে পড়েছেন। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফল্য এবং তাঁদের অর্জন বর্তমান প্রজন্মকে ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *