September 3, 2026

দেশের ৫,০৩০ তরুণ উদ্যোক্তাকে ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক

দেশের প্রতিটি উপজেলায় সম্ভাবনাময় ১০ জন করে তরুণ উদ্যোক্তাকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কর্মসূচির আওতায় দেশের ৫০৩টি উপজেলার মোট ৫ হাজার ৩০ জন তরুণ উদ্যোক্তা ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এ অর্থের মধ্যে থাকবে ঋণ ও শর্তসাপেক্ষ অনুদান। উদ্যোক্তার প্রয়োজন ও ব্যবসার ধরন অনুযায়ী সংশ্লিষ্ট খাতের পুনঃঅর্থায়ন তহবিল থেকে ৪ থেকে ৭ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে এবং এর জন্য কোনো সহায়ক জামানত প্রয়োজন হবে না। অর্থায়নের একটি অংশ অংশগ্রহণকারী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকে দেওয়া হবে। নির্ধারিত উদ্দেশ্যে অনুদানের অর্থ সঠিকভাবে ব্যবহার করলে তা ফেরত দিতে হবে না; তবে অপব্যবহার হলে অনুদানটি ঋণে পরিণত হবে। উদ্যোক্তা নির্বাচনের ক্ষেত্রে ব্যবসার সম্ভাবনা, প্রকৃত অর্থের প্রয়োজন এবং ঋণ পরিশোধের সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে। প্রতিটি জেলায় একটি ব্যাংক কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পালন করবে এবং বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস, সংশ্লিষ্ট ব্যাংক ও বিশেষজ্ঞরা নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকবেন। কর্মসূচির জন্য বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার তহবিল অনুমোদন করেছে, যার অর্ধেক দেবে বাংলাদেশ ব্যাংক এবং বাকি অর্ধেক অংশগ্রহণকারী ব্যাংকগুলো। প্রত্যন্ত অঞ্চলের তরুণদের প্রাথমিক মূলধন, ব্যবসায়িক পরামর্শ ও প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরিই এ উদ্যোগের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *