September 9, 2026

আন্তর্জাতিক রোবোটিকস মঞ্চে জিহাদ

ছোটবেলায় নষ্ট রেডিও, ক্যাসেট প্লেয়ার ও খেলনা গাড়ি খুলে যন্ত্রপাতি নিয়ে নাড়াচাড়া করতেন জিহাদ শাহরিয়ার। সেই কৌতূহলই তাঁকে আজ রোবোটিকসের জগতে নিয়ে এসেছে। এবার ইতালির রোমে আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি।

ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জিহাদ চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা। গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত ফিবোনাচ্চি আন্তর্জাতিক রোবট অ্যান্ড স্টেম অলিম্পিয়াড-২০২৬-এর ‘গ্রিন এন্টারপ্রেনিউরশিপ’ বিভাগে তাঁর দল রৌপ্যপদক অর্জন করে। এর ফলে আগামী নভেম্বরে রোমে অনুষ্ঠেয় আন্তর্জাতিক পর্বে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন তাঁরা।

জিহাদ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ‘মার্স রোভার টিম’-এর সঙ্গে যুক্ত হয়ে রোবোটিকস শেখা শুরু করেন। নকশা, ইলেকট্রনিকস, প্রোগ্রামিং, কম্পিউটার ভিশন ও স্বয়ংক্রিয় প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি তিনি প্রত্যন্ত এলাকার শিশুদের প্রযুক্তি শিক্ষার সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছেন।

তাঁর তৈরি ‘গ্রিন টেক ল্যাব’ মডেলে কৃষি, প্রকৃতি ও প্রযুক্তিকে একসঙ্গে শেখানোর ব্যবস্থা রয়েছে। এতে হাইড্রোপনিক চাষ, সেন্সরের মাধ্যমে তাপমাত্রা ও আর্দ্রতা পরিমাপ এবং আইওটির মাধ্যমে তথ্য পর্যবেক্ষণের সুবিধা রয়েছে। জিহাদের লক্ষ্য, জন্মস্থান যেন কোনো শিশুর প্রযুক্তি শেখার সুযোগ নির্ধারণ না করে। পৃষ্ঠপোষকতার সহযোগিতা পেলে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে দাঁড়াতে চান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *