September 23, 2026

২৪ সেপ্টেম্বর থেকে জেলা কার্যালয়ে মিলবে প্রাথমিকের নিয়োগপত্র

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে বিভিন্ন জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের মাধ্যমে নিয়োগপত্র বিতরণ শুরু হবে।

প্রার্থীদের নিজ নিজ জেলা কার্যালয় থেকে নিয়োগপত্র সংগ্রহ করতে হবে। আগামী ১ অক্টোবর নিজ জেলা শিক্ষা কার্যালয়ে যোগদান এবং ৪ অক্টোবর পদায়নের কথা রয়েছে। তবে পুলিশ ভেরিফিকেশন, স্বাস্থ্য পরীক্ষা, ডোপ টেস্ট ও শিক্ষাগত সনদ যাচাইয়ে কোনো বিরূপ তথ্য পাওয়া গেলে নিয়োগপত্র দেওয়া হবে না।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে, পদায়নের পর নতুন শিক্ষকদের দুই মাসের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণ শুরুর সময় এখনও চূড়ান্ত হয়নি। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হলেও নানা কারণে নিয়োগপ্রক্রিয়া দীর্ঘায়িত হয়। নিয়োগের দাবিতে প্রার্থীরা একাধিকবার কর্তৃপক্ষের কাছে আবেদন জানান এবং গত ২ আগস্ট ঢাকার শাহবাগে অবস্থান কর্মসূচিও পালন করেন।

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষকসংকট রয়েছে। নতুন ১৪ হাজারের বেশি শিক্ষক যোগ দিলে এই সংকট কিছুটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *