প্রবাসী বাংলাদেশিদের বাদ দিয়ে অনেকটা গোপনে দিল্লিতে বিপ্লব ও সংহতি দিবস পাল
৭ নভেম্বর বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন।দিনটি প্রতিবছর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালিত হয়। ১৯৭৫ সালের এই দিনে দেশের সিপাহি-জনতার সম্মিলিত অভ্যুত্থানে এ দিনটিতে বন্দিদশা থেকে মুক্ত হন বর্তমানে ক্ষমতায় অধিষ্ঠিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বাংলাদেশের স্বাধীনতারও ঘোষক।
তাঁর সম্মানে বর্তমান সরকার দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে যথাযথ মর্যাদায় দিবসটি পালনের নির্দেশনা দেন। কিন্তু সরকারের এই নির্দেশনা সত্ত্বেও নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন দিবসটি অনেকটা দায়সারাভাবে এবং প্রবাসী বাংলাদেশিদের সম্পূর্ণ অন্ধকারে রেখে পালন করেছে।
হাইকমিশনের ফেসবুক ও এক্স (X) অ্যাকাউন্টে প্রকাশিত ছবিগুলো পর্যালোচনা করে দেখা যায়, দিবসটি উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করা হলেও তাতে কোনো প্রবাসী বাংলাদেশি কিংবা বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়নি। প্রকাশিত ছবিগুলো থেকে প্রতীয়মান হয়, হাইকমিশনের অভ্যন্তরে সীমিত পরিসরে আয়োজিত ওই অনুষ্ঠানে কেবল দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাই উপস্থিত ছিলেন। অথচ ঐতিহাসিক এই দিবসের তাৎপর্য দিল্লিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সামনে তুলে ধরার এটি ছিল একটি গুরুত্বপূর্ণ সুযোগ। জাতীয় দিবসগুলো সাধারণত দূতাবাসগুলোতে এভাবে গুরুত্ব দিয়েই পালন করে থাকে। অথচ দিল্লিতে মোটেই তা করা হয়নি।
আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছরের শাসনামলে রাজনৈতিক কারণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের রাষ্ট্রীয় উদযাপন কার্যত বন্ধ ছিল। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দিবসটি রাষ্ট্রীয় মর্যাদায় পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও প্রত্যাশা তৈরি হয়েছিল যে, বিদেশের মাটিতেও দিবসটির তাৎপর্য যথাযথভাবে তুলে ধরা হবে। কিন্তু নয়াদিল্লিতে ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের নেতৃত্বাধীন প্রশাসন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের আমন্ত্রণ না জানিয়ে সেই প্রত্যাশায় কার্যত ছেদ ঘটিয়েছে।
দিবসটি উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্মের বাংলাদেশি শিক্ষার্থীদের সামনে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা, ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে তাঁর অবদান তুলে ধরার সুযোগ ছিল। কিন্তু হাইকমিশনের এমন উদ্যোগহীনতায় দিল্লিতে অবস্থানরত শিক্ষার্থীরা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি পেশাজীবী ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভেরও সৃষ্টি হয়েছে।
দিল্লির একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একজন বাংলাদেশি শিক্ষার্থী এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “নতুন প্রজন্মের বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে গত ১৭ বছর আমরা বাংলাদেশের সঠিক ইতিহাস জানার সুযোগ থেকে বঞ্চিত হয়েছি। আওয়ামী লীগ সরকারের আমলে ইতিহাসের অনেক অধ্যায় আমাদের সামনে তুলে ধরা হয়নি। আশা করেছিলাম, বর্তমান বিএনপি সরকার সেই অন্ধকার দূর করে নতুন প্রজন্মের সামনে দেশের প্রকৃত ইতিহাস জানার ও চর্চার সুযোগ সৃষ্টি করবে। কিন্তু রহস্যজনক কারণে হাইকমিশন আয়োজিত ঐতিহাসিক ‘বিপ্লব ও সংহতি দিবস’-এর অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানানো হয়নি। আমরা চাই, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখুক।”
খোঁজ নিয়ে জানা যায়, অতীতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের আয়োজিত বিভিন্ন জাতীয় দিবস ও অন্যান্য অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি পেশাজীবী এবং শিক্ষার্থীদের নিয়মিত আমন্ত্রণ জানানো হতো। এবারের মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় দিবসের আয়োজনে তাঁদের সম্পূর্ণভাবে উপেক্ষা করার ঘটনা ব্যতিক্রম। উল্লেখ্য, দিল্লিতে বিশ্বব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM), বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রতিষ্ঠানে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি কর্মরত রয়েছেন। পাশাপাশি দিল্লির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এত বড় একটি প্রবাসী জনগোষ্ঠীকে বাদ দিয়ে দিবসটি পালনের সিদ্ধান্ত হাইকমিশনের ভূমিকা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।
অনুসন্ধানে আরও জানা যায়, ঐতিহাসিক ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা বাংলাদেশের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম একবারের জন্যও উল্লেখ করেননি। তাঁদের স্মৃতির প্রতিও কোনো শ্রদ্ধা নিবেদন করা হয়নি বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আরও বিস্ময়কর, কারণ বর্তমান সরকারের নির্দেশনায় রাষ্ট্রীয় মর্যাদায় পালিত একটি দিবসের আয়োজনে সংশ্লিষ্ট রাজনৈতিক ও ঐতিহাসিক নেতৃত্বের অবদান স্মরণ করার প্রত্যাশা স্বাভাবিকভাবেই ছিল। সেখানে হাইকমিশনের এ ব্যর্থতা কার্যত বর্তমান সরকারকে ও সরকারের নির্দেশনাকে উপেক্ষারই শামিল।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমান মিডিয়ার সঙ্গে আলাপকালে বলেন, আমি দায়সারা কোন কাজ করিনি । এ ব্যাপারে প্রেস মিনিস্টারের সাথে কথা বলতে পারেন।
