November 12, 2026

Khabar BD

Bangladesh Updates

সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের চলন্ত গাড়ির খোলা জানালা দিয়ে ছোঁ মেরে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে এক ছিনতাইকারী। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর ধানমন্ডি সংলগ্ন শুক্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে একটি সতর্কতামূলক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন আসিফ নজরুল নিজেই। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৬টা ৩০ মিনিটের দিকের ঘটনা।’

একই সঙ্গে তার পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের সতর্ক করে তিনি আরও লেখেন, ‘ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। এর মধ্যে কেউ যদি আমার ফোন নম্বর থেকে কিংবা অন্য যেকোনোভাবে মেসেজ পাঠিয়ে টাকা চায়, থ্রেট দেয় বা সন্দেহজনক কিছু লেখে, তাহলে সেটা এড়িয়ে যাবেন।’

পরে ঘটনার বিশদ বিবরণ দিয়ে অধ্যাপক আসিফ নজরুল জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। তীব্র যানজটের কারণে গাড়ি ধীরগতিতে চলছিল এবং গরম লাগায় তিনি জানালার কাচ নামিয়ে রেখেছিলেন। গাড়ির ভেতরে বসে তিনি ফোনে খুদে বার্তা দেখছিলেন। গাড়িটি শুক্রাবাদের পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি পৌঁছামাত্রই নীল রঙের টি-শার্ট পরিহিত এক তরুণ বিদ্যুৎগতিতে জানালা দিয়ে তার হাত থেকে ফোনটি ছোঁ মেরে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তিনি তাৎক্ষণিকভাবে গাড়ি থেকে নেমে ধাওয়া করার চেষ্টা করলেও ছিনতাইকারী দ্রুত ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *