September 5, 2026

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে বিশাল গাড়িবহর নিয়ে ১১ দলের লংমার্চ শুরু

গণভোটের রায় কার্যকর ও জুলাই হত্যাকাণ্ডের বিচারসহ ছয় দফা দাবিতে বিশাল গাড়িবহর নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে ১১ দলীয় ঐক্য। আজ শনিবার রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আয়োজিত সমাবেশ শেষে সকাল সাড়ে আটটার দিকে এই লংমার্চের যাত্রা শুরু হয়।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিতকরণ, বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও সারের সংকট দূর করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ অবসানের দাবি জানিয়েছে তারা।

যাত্রার আগে সকাল সাতটায় শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এরপর মঞ্চে একে একে বক্তব্য দেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

জামায়াত আমির বলেন, গন্তব্যের পথে বাধা এলে আমরা লড়াই করতেই নেমেছি। জনগণের অধিকারের জন্য আমরা আমাদের গন্তব্যে ইনশাআল্লাহ পৌঁছাব, কোনো বাধাকেই আমরা পরোয়া করব না।

জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে জামায়াত আমির বলেন, ‘আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি, জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব ইনশাআল্লাহ। আমাদের এই আন্দোলন চলবে রাস্তায়-রাজপথে, চলবে জাতীয় সংসদে। সমান্তরালে এই আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ১৮ কোটি মানুষের প্রত্যেকটি অধিকার প্রতিষ্ঠিত না হয়।’

শেষে ১১ দলীয় ঐক্যের আন্দোলন ঐক্যবদ্ধভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে, দৃঢ় কদমে, মহান আল্লাহর ওপর ভরসা করে সামনে এগিয়ে যাব এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার এবং দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ।’

চট্টগ্রাম পৌঁছানোর পথে মহাসড়কের কয়েকটি নির্ধারিত স্থানে পথসভা করবে গাড়িবহরটি। নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর কাছের ট্রাকস্ট্যান্ডে প্রথম পথসভা অনুষ্ঠিত হবে। এরপর কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মিরসরাইয়ে ধারাবাহিক পথসভা শেষে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাপনী জনসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *