বিদ্যুৎ সংকটে বাংলাদেশে হিমসিম, রাত ৮টায় বন্ধ মার্কেট-শপিংমল
বিদ্যুৎ সংকটে বাংলাদেশে হিমসিম অবস্থা যাচ্ছে। এ পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয় ও সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমাতে নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। নতুন এ সময়সূচি বুধবার থেকেই কার্যকর হয়েছে।
মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, বিদ্যুৎ বিভাগের গত ১১ জুনের সিদ্ধান্ত অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। তবে বিদ্যমান বিদ্যুৎ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেই সময়সীমা এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে। এসব আয়োজনের ক্ষেত্রেও একই সময়সীমা প্রযোজ্য হবে।
এ ছাড়া সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে। পাশাপাশি বিভিন্ন স্থাপনা, প্রতিষ্ঠান ও এলাকায় অপ্রয়োজনীয় আলোকসজ্জাও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে জরুরি সেবা ও মানুষের প্রয়োজনীয়তার সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। এর মধ্যে খাবারের দোকান, হাসপাতাল, ফার্মেসি ও ওষুধের দোকানসহ জরুরি সেবা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে।
বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষকে সরকারের নতুন সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুতের ব্যবহার কমানো এবং সরবরাহ ব্যবস্থার ওপর চাপ নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর বিদ্যুতের চাহিদা যখন বেড়ে যায়, তখন মার্কেট-শপিংমল, আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জার ব্যবহার কমানো হলে বিদ্যুৎ সাশ্রয়ে তা ভূমিকা রাখবে।
