September 28, 2026

বাংলাদেশি ইউটিউবার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর-লুটপাট

বাংলাদেশি ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর এবং অভিনেতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে।

সালমান মুক্তাদির বাংলাদেশি নাগরিক হলেও তার জন্ম অস্ট্রেলিয়ার সিডনিতে। তার ইউটিউব চ্যানেলের নাম: SalmoN TheBrownFish

ইন্টারনেটে ভিডিও তৈরির মাধ্যমে বাংলাদেশের প্রথম প্রজন্মের এই ডিজিটাল তারকার অভিযোগ, চাঁদা দিতে অস্বীকার করায় হামলাকারীরা স্টুডিওতে থাকা সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়। পাশাপাশি স্টুডিওর বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে তছনছ করে ফেলে।

ঘটনার সময় সালমান মুক্তাদির ঢাকায় ছিলেন না। খবর পেয়ে তিনি বিমানে ঢাকায় এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর ফেসবুক লাইভে স্টুডিওর ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন। সালমান দাবি করেন, হামলায় তার দীর্ঘদিনের স্বপ্ন ও সৃজনশীল কাজের জায়গাটি ধ্বংস হয়ে গেছে। তবে এ ঘটনায় তিনি থেমে যাবেন না বলেও জানান।

স্টুডিওর এক কর্মকর্তা জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে প্রায় এক থেকে দেড়শ লোক হঠাৎ স্টুডিওতে ঢুকে ভাঙচুর শুরু করে। এ সময় তাদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল। পরিস্থিতি আশঙ্কাজনক দেখে স্টুডিওতে থাকা কর্মকর্তারা টয়লেটে গিয়ে আত্মগোপন করেন। পরে হামলাকারীরা সেখানে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়। স্টুডিওতে থাকা বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রপাতিও নিয়ে যাওয়া হয়েছে। তবে হামলায় স্টুডিওতে থাকা কেউ আহত হননি।

এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরে একটি অফিসে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুজনকে ছোরাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন সালমান মুক্তাদির। তিনি সেখানে বলেন, এই ভিডিওটা শুধু বানানো স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য, প্লিজ আপনি কোনো টেনশন নেবেন না। দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।

মুক্তাদির বলেন, এই রকম কোনো স্টুডিও বাংলাদেশে ছিল না। এটা ভাঙার পরও আমি কেন ভেঙে পড়ছি না, কারণ বাংলাদেশে যারা নতুন কিছু করতে চান, তাদের জন্য নতুন কিছু শেখাতে চাই। আপনি যদি কারও তোষামোদি না করেন, আপনার যদি কোনো ব্যাকআপ না থাকে, আপনি যদি কোনো পলিটিক্স না করেন, সিকিউরিটি টাকা পয়সা দিয়ে কিনতে না পারেন তাদের সঙ্গে বাংলাদেশে এমনটাই ঘটবে। সে জন্য আমরা বলি পায়ের নিচে মাটি শক্ত না থাকলে আমাদের কিছু করা উচিত না। আমি এভাবে কথা বলছি কারণ আমি স্ট্রং; কিন্তু অনেকে এটা নিতে পারবে না, কারণ বেশিরভাগ মানুষ স্ট্রং না।

সালমান মুক্তাদির বলেন, গত ১২ বছরে আমি একটা ছোট্ট রুম থেকে এ পর্যায়ে এসেছি। তোমরা যদি বাংলাদেশে কোনও স্বপ্ন দেখো, তাহলে তোমাদের ক্ষেত্রেও এটাই (ভাঙচুরের চিত্র দেখিয়ে) হবে। আমার যে স্বপ্ন ছিল, তা আমি পূরণ করছি। বিএনপির যারা এটা করেছো, তোমরা এর থেকে বড় আর হতে পারবা না। এটাই তোমাদের নেচার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *