বাঙ্গালী নদীতে নৌকাবাইচ উৎসব
বর্ষার পানিতে ভরে উঠেছে বাঙ্গালী নদী। সেই নদীতেই চলল নৌকাবাইচ প্রতিযোগিতা। বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চোমর পাথালিয়া ও সুঘাট গ্রামে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে জড়ো হন কয়েক হাজার মানুষ।
ঢাকের তালে গায়েনদের গান আর মাঝিমাল্লাদের সারিগানের সঙ্গে ১৩টি রঙিন নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। সিরাজগঞ্জ, বগুড়া ও পাবনার বিভিন্ন এলাকা থেকে নৌকাগুলো আসে। নৌকাবাইচকে ঘিরে নদীর তীরে বসেছে গ্রামীণ মেলা। প্রায় ৪০০ দোকানে খাবার, মিষ্টি, খেলনা ও কাঠের আসবাবসহ নানা পণ্যের পসরা সাজানো হয়েছে। ছোটদের জন্য রয়েছে নাগরদোলাসহ বিভিন্ন বিনোদনের আয়োজন।
আয়োজকেরা জানান, গত শুক্রবার প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে এবং আগামী বুধবার পর্যন্ত প্রতিদিন বিকেল চারটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত নৌকাবাইচ চলবে। প্রায় ৩০ বছর ধরে বর্ষা শেষে এ আয়োজন হয়ে আসছে, যা স্থানীয় গ্রামীণ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে।
