September 1, 2026

সীমান্ত নজরদারিতে ড্রোন প্রযুক্তি, সিলেটে বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান

সীমান্ত নিরাপত্তা আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিষ্ঠিত বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ (এসএসএসডিডব্লিউ) উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি প্রতিষ্ঠানটির কমপ্লেক্স ও ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন এবং ড্রোন পরিচালনা, প্রশিক্ষণ ও সীমান্ত নিরাপত্তায় এর বিভিন্ন ব্যবহার সম্পর্কে অবহিত হন। এ সময় বিজিবির প্রশিক্ষিত ড্রোন পাইলটরা সীমান্ত নজরদারি ও নিরাপত্তায় ড্রোন প্রযুক্তির বহুমুখী ব্যবহার নিয়ে বিশেষ মহড়া প্রদর্শন করেন। মহড়ায় ড্রোনের সহায়তায় টহল কার্যক্রম, চোরাচালানকারীদের শনাক্ত ও আটকের কৌশল, সীমান্ত দিয়ে অবৈধ পুশ-ইন প্রতিরোধ এবং অনুপ্রবেশকারী বা অপরিচিত ড্রোন শনাক্ত ও নিয়ন্ত্রণে এন্টি-ড্রোন সিস্টেমের ব্যবহার দেখানো হয়। পাশাপাশি ম্যাভিকসহ বিভিন্ন ধরনের ড্রোনের সমন্বয়ে ‘ড্রোন ফ্লাই-পাস্ট’ প্রদর্শনের মাধ্যমে সীমান্ত নিরাপত্তায় আধুনিক ড্রোন প্রযুক্তির কার্যকর সক্ষমতা তুলে ধরা হয়। নতুন এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি বিজিবির ড্রোন পরিচালনা ও প্রযুক্তিনির্ভর সীমান্ত নজরদারি সক্ষমতা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *