August 6, 2026

বগুড়ায় শিল্পবর্জ্য থেকে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব পণ্য

দেশের হালকা প্রকৌশল শিল্পের কেন্দ্র বগুড়ায় ফাউন্ড্রি কারখানার বর্জ্য (স্ল্যাগ) এখন পরিণত হচ্ছে মূল্যবান কাঁচামালে। এই শিল্পবর্জ্য পুনঃপ্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে হলো ব্লক, ইউনি ব্লক ও সলিড ব্রিকস।

বগুড়া নগরের সাবগ্রাম-কুরশাপাড়া এলাকায় অবস্থিত জেডএইচ স্টার ব্রিকস অ্যান্ড ব্লকস লিমিটেড কারখানায় প্রতি মাসে প্রায় আড়াই লক্ষ নির্মাণসামগ্রী উৎপাদন হচ্ছে। এসব পণ্য সরকারি-বেসরকারি অবকাঠামো উন্নয়ন কাজে ব্যবহৃত হচ্ছে।

২০২৩ সালে স্থানীয় সংস্থা গাকের সহায়তায় পাথরের কুচির বিকল্প হিসেবে ফাউন্ড্রি স্ল্যাগ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়। পরীক্ষায় সফল হওয়ার পর এই বর্জ্য দিয়ে বাণিজ্যিকভাবে ব্লক ও ইট উৎপাদন শুরু হয়। হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরীক্ষায় স্ল্যাগ দিয়ে তৈরি ইউনি ব্লকের শক্তিমাত্রা ২ হাজার ১০৫ পিএসআই পাওয়া যায়।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক তাখলিমুর রহমান জানান, বগুড়ার ফাউন্ড্রি কারখানাগুলোতে প্রতিদিন বিপুল পরিমাণ স্ল্যাগ তৈরি হয়, যা আগে বর্জ্য হিসেবে ফেলে রাখা হত। স্ল্যাগ ব্যবহারে উৎপাদন খরচ কমার পাশাপাশি পরিবেশ দূষণও কমছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *