টেস্টে বিশ্বরেকর্ড লিটন দাসের
টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। আফগানিস্তানের বিরুদ্ধে এক টেস্টের দুই ইনিংসেই অর্ধশতরানের বেশি করার পাশাপাশি উইকেটের পিছনে ন’টি আউটে সরাসরি ভূমিকা নিয়ে নজির গড়লেন তিনি। টেস্টের ইতিহাসে প্রথম উইকেটরক্ষক হিসেবে এই কীর্তি গড়লেন লিটন।
আফগানিস্তানের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৫৩ রান করেন লিটন। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ১০২ রানের শতরান। উইকেটের পিছনেও সমান সফল ছিলেন তিনি। আফগানিস্তানের প্রথম ইনিংসে চারটি ক্যাচ ধরার পাশাপাশি একটি স্টাম্পিং করেন। দ্বিতীয় ইনিংসে আরও চারটি ক্যাচ নেন তিনি। ইবাদত হোসেনের বলে ইকরাম আলিখিলের ক্যাচ ধরেই ন’টি আউটে জড়িত থাকার নজির পূর্ণ করেন লিটন।
এর আগে ১৯৬৬ সালে দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোহানেসবার্গ টেস্টে দুই ইনিংসেই ৫০ রানের বেশি করেছিলেন। প্রথম ইনিংসে ৬৯ এবং দ্বিতীয় ইনিংসে ১৮২ রান করেছিলেন তিনি। উইকেটরক্ষক হিসেবে সেই ম্যাচে আটটি আউটে ভূমিকা ছিল তাঁর। লিটন সেই নজির ছাপিয়ে গেলেন।
একটি টেস্টে উইকেটরক্ষক হিসেবে সর্বাধিক ১১ জন ব্যাটারকে আউট করার নজির রয়েছে ইংল্যান্ডের জ্যাক রাসেল, দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স এবং ভারতের ঋষভ পন্থের। তবে একই টেস্টে দুই ইনিংসে অর্ধশতরান পেরনোর পাশাপাশি ন’টি আউটে ভূমিকা নিয়ে লিটনের এই কীর্তি আলাদা করে নজর কাড়ল।
