বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আরো শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১৫ নভেম্বর) সকালে বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৬টায় নিম্নচাপটির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৫০, কক্সবাজার থেকে ১ হাজার ৯০০, মোংলা থেকে ১ হাজার ৮২০ এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
নিম্নচাপটির কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা হাওয়ায় তা ৫০ কিলোমিটার পর্যন্ত উঠছে।এর প্রভাবে কেন্দ্রের আশপাশের সাগর উত্তাল রয়েছে।
এ পরিস্থিতিতে চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
পাশাপাশি জেলে ও সমুদ্রগামী নৌযান সংশ্লিষ্টদের আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস জেনে নিরাপত্তা নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
