November 19, 2026

Khabar BD

Bangladesh Updates

তথ্য না দেওয়ায় ৫ হাজার টাকা জরিমানা অধ্যক্ষের

তথ্য অধিকার আইনে আবেদনকারীর চাওয়া তথ্য সরবরাহ না করায় বাংলাদেশের সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায়কে ৫ হাজার টাকা জরিমানা করল তথ্য কমিশন বাংলাদেশ। বৃহস্পতিবার শুনানির পর এই নির্দেশ দেয় কমিশন। আগামী ১০ কার্যদিবসের মধ্যে আবেদনকারীকে প্রয়োজনীয় তথ্য দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর শেখ আবু তাহের মো. আজরফ নামে এক ব্যক্তি তথ্য অধিকার আইনে কলেজের কাছে ১৩টি বিষয়ে তথ্য চেয়ে আবেদন করেন। এর মধ্যে ছিল গভর্নিং বডির সভার কার্যবিবরণী, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি, নিয়োগ সংক্রান্ত নথি, এমপিও-র কাগজপত্র এবং বেতন-ভাতার সরকারি অংশের বিলের সত্যায়িত অনুলিপি।

নির্ধারিত সময়ে তথ্য না পেয়ে ওই ব্যক্তি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আপিল করেন। সেখানেও প্রতিকার না মেলায় ২০২৪ সালের ৩০ জানুয়ারি তথ্য কমিশনে অভিযোগ জানান। এর পর ২২ এপ্রিল শুনানি করে আবেদনকারীকে সমস্ত তথ্য সরবরাহের নির্দেশ দিয়েছিল কমিশন। সিদ্ধান্তপত্র পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে তথ্য দেওয়ার কথা থাকলেও সেই নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ। ফের কমিশনের দ্বারস্থ হন আবেদনকারী।

বৃহস্পতিবার প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন ইসলাম খান এবং দুই তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেনের উপস্থিতিতে অভিযোগের শুনানি হয়। শুনানি শেষে তথ্য না দেওয়ার জন্য অধ্যক্ষ বিমলাংশু রায়কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, এ দিন তথ্য কমিশনে মোট ছ’টি অভিযোগের শুনানি করে নিষ্পত্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *