November 19, 2026

Khabar BD

Bangladesh Updates

রংপুরে একে একে পুড়*লো ৩ বাস, অভিযোগ আ.লীগের বিরুদ্ধে

রংপুরে পৃথক স্থানে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ভস্মীভূত হয়েছে বাসগুলো। ২৪ ঘণ্টার মধ্যে একে একে তিনটি বাসে আগুনের ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। তবে বাসগুলোতে কোন মানুষ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্তরা বলছেন, দেশজুড়ে অস্থিরতা, সন্ত্রাস ও নাশকতার অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাসে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে রংপুর নগরীর আরকে রোড পশ্চিম বাবু খাঁ এলাকায় মা ও শিশু হাসপাতালের বিপরীতে রাখা শাপলা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৩-১৮৫৬) বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সাজু মিয়ার গ্যারেজে এ ঘটনাটি ঘটে। পরিবহনটি মেরামতের জন্য গ্যারেজে রাখা হয়েছিল। শাপলা পরিবহন বাসটি রংপুর-জলঢাকা রুটে চলাচল করত। এর মালিক মিঠু মিয়া নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন বিএনপির নির্বাহী কমিটির সদস্য।

গ্যারেজের নাইটগার্ড সিরাজুল ইসলাম জানান, রাত সোয়া ৩টার দিকে মুখে মাস্ক পরিহিত তিনটা ছেলে গাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। তখন তিনি পাশের একটি দোকানে পান নিতে গিয়েছিলেন। সেখান থেকে আসার আগেই গ্যারেজে গাড়ির সামনে আগুন দেখতে পেয়ে ছুটে আসেন। ওই সময় ছেলেগুলো দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তাদের পরনে সাদা শার্ট ছিল। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এতে আগুন নেভায় ততক্ষণে বাসটি পুড়ে যায়।

আগুন লাগানোর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বাসটির মালিক মিঠু মিয়া ও পরিবহন শ্রমিক ও মালিক সমিতির লোকজন।
গাড়ির মালিক মিঠু মিয়া বলেন, আমার বাসটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন আগুন লাগিয়েছে। আমার ধারণা গানপাউডার ছিটিয়ে আগুন লাগোনো হয়েছে।

এদিকে বুধবারও (১৮ নভেম্বর) টার্মিনাল রোড সংলগ্ন মৎস আড়তের বিপরীতে থাকা মালেকের গ্যারেজে পার্কিং করা একই রুটে চলাচলকারী হৃদয়-তাহসিন পরিববহনটিও আগুনে পুড়ে যায়। ওয়ার্কশপে মেরামতের সময় ওয়েল্ডিং থেকে বাসে আগুন লেগেছে পুলিশ দাবি করলেও বাস মালিকের দাবি নাশকতা করতেই বাসটি জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাসের মালিক আব্দুল কাইয়ুম হৃদয় রংপুর মহানগর যুবদলের ৩১ নং ওয়ার্ড সভাপতি।

ওই দিন ভোররাতে নগরীর পর্যটন মোটেলের সামনে লুমিনাস ক্যাডেট কোচিংয়ের পার্কিং করা শিক্ষার্থী পরিবহনের একটি বাসে (রংপুর মেট্রো-জ-১১-০০০১) আগুন দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। কোচিংটির পরিচালক নাহিদুজ্জামান ইকবাল মাছুম চব্বিশের জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *