বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দাম ভরিতে ৭ হাজার টাকা কমালো
স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমিয়েছে।
বাজুস আজ শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারে সমন্বয় করা হয়েছে। এতে টানা কয়েকবার সোনার দাম বাড়ার পর আজ বাংলাদেশের বাজারে সোনার দাম কমল।
দাম কমার পর আজ থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।
আজ মূল্যবৃদ্ধির আগে সোনার দাম ছিল ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা, ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।
এর আগে ২৫ আগস্ট সোনার দাম বাড়ানো হয়। সেদিন সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়।
এ ছাড়া আজ রুপার দাম কমেছে। ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম এখন ৫ হাজার ৩০৭ টাকা, ২১ ক্যারেটের ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা।
দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়। চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সেদিন সকালে একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়। এরপর সোনার দাম প্রতি ভরি ২ লাখ ২০ হাজার টাকার নিচে নেমে আসে।
